মোঃ শামীম শিবলী বাঞ্ছারামপুর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের বার্তা নিয়ে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন “তরী” বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদ্যোগে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
“প্লাস্টিক ছাড়ো, গাছ লাগাও”, “একটু সচেতন হই, প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ি” – এমন স্লোগানে মুখর ছিল র্যালি। র্যালিতে অংশ নেন জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিক ব্যবসায়ী ও পরিবেশকর্মীরা।
র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা স্বাস্থকমপ্লেক্স, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “প্লাস্টিক দূষণ এখন বৈশ্বিক সংকট। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় প্লাস্টিকের ব্যবহার কমিয়ে টেকসই পরিবেশ গড়তে হবে। বৃক্ষরোপণই পারে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে।”
বক্তারা প্লাস্টিকের একবার ব্যবহারযোগ্য পণ্য বর্জন, পুনর্ব্যবহারযোগ্য ব্যাগ ব্যবহার এবং গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাঞ্ছারামপুরের মেঘনা ও তিতাস, ঢোলভাঙ্গা নদী এবং খাল-বিলগুলো প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে। কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, প্লাষ্টিক অপচনশীল তাই কৃষি জমিতে কৃষকে ফসলের ক্ষেতে আশানুপাতিক ফসল পাচ্ছে না।তাই সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর আইন প্রয়োগের দাবি জানান তারা।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বাঞ্ছারামপুর মডেল থানার ওসি ইউপি চেয়ারম্যান-মেম্বার, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ অংশ নেয়।