সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক তপন সরকারের পাশে হোমনার সাংবাদিক সমাজ ঐক্যের অনন্য দৃষ্টান্ত
——————————————————–
হোমনা প্রতিনিধি:
হোমনা: সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক তপন সরকারের পাশে দাঁড়িয়ে অনন্য এক ঐক্যের প্রতীক সৃষ্টি করেছেন হোমনায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। ঘটনার পরপরই তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া, উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং নিয়মিত খোঁজ-খবর রাখার ক্ষেত্রে হোমনার সকল সাংবাদিকদের ভূমিকা সর্বমহলে প্রশংসিত হচ্ছে।হোমনার সাংবাদিক সমাজ শুরু থেকেই এই বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসছে। স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ জানিয়েছেন, তারা পুরো বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। ঘটনার অগ্রগতি, পুলিশের তদন্তের গতি এবং প্রশাসনের পদক্ষেপ কী হয়, তার ওপর ভিত্তি করে পরবর্তী কঠোর সিদ্ধান্ত ও কর্মসূচি ঘোষণা করা হবে।সাংবাদিকদের ওপর চলমান এই সহিংসতা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, “সাগর-রুনি হত্যাকাণ্ডসহ দেশে সাংবাদিকদের ওপর সংঘটিত অসংখ্য হামলা, হত্যা ও নির্যাতনের ঘটনায় আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সংবাদকর্মীদের ওপর এই আঘাত শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং সত্য প্রকাশের স্বাধীনতা এবং মুক্ত গণমাধ্যমের ওপর এক নগ্ন আঘাত।”
বক্তারা আরও বলেন, সত্যের পথে হাঁটা মানুষদের রক্তাক্ত করার ইতিহাস নতুন কিছু নয়। তবুও নির্যাতন করে কলম থামানো যাবে না, সত্যের অনুসন্ধানও বন্ধ করা যাবে না। কারণ সত্যকে সাময়িকভাবে দমন করা গেলেও কখনো পরাজিত করা যায় না।এদিকে, সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক তপন সরকারের দ্রুত সুস্থতা কামনা করে এবং তার আরোগ্যের জন্য সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন জুনায়েদ আহমেদ তিসাসসহ তার সংগঠনের নেতৃবৃন্দরা। তারা অবিলম্বে এই হামলার মূল হোতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।