দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আদিবাসী পল্লির একটি বাড়িতে ঘরের জানালা ভেঙে চুরি করার প্রস্তুতির অভিযোগে হীরা মিয়া (৩৫) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল ছয়টার দিকে উপজেলার শ্যামপুর টঙ্গীপাড়া আদিবাসী পল্লিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে ওই এলাকার পুরুষেরা গ্রামছাড়া।
খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস ও উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মণসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত হীরা মিয়া নবাবগঞ্জ উপজেলার জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। তিনি কৃষিশ্রমিক ছিলেন। তিনি দুই সন্তানের বাবা। পুলিশের দাবি, তিনি মাদকাসক্ত ছিলেন এবং কিছুদিন আগে হাজতবাস করেছেন।