কিশোরগঞ্জে বিশ্ব হার্ট দিবস পালিত: হৃদরোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং হৃদযন্ত্রের সুস্থতা নিশ্চিত করতে স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘বিশ্ব হার্ট দিবস’। বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) সকালে শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গৌরাঙ্গ বাজার এলাকা ঘুরে পুনরায় ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভা ও বক্তাদের বক্তব্য
র্যালি শেষে ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. আবদুল হাইয়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও সাবেক কমিশনার মো. জালালউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ মোহাইমেন লাক মিয়া, কোষাধ্যক্ষ হাফেজ আবদুর রশিদ, মনিরুজ্জামান মনির ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে হৃদরোগ মানবদেহের জন্য অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, কায়িক শ্রমের অভাব, ধূমপান, অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের কারণে হৃদরোগের ঝুঁকি মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই ঝুঁকি মোকাবিলায় নিয়মিত শরীরচর্চা, সুষম ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ, ধূমপান বর্জন এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার কোনো বিকল্প নেই। হৃদরোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলে কালবিলম্ব না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন বক্তারা।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।