সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: তথ্য বিনিময়ে ঘাটতি ছিল বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য আদান-প্রদান ও কূটনৈতিক যোগাযোগ প্রক্রিয়ায় বড় ধরনের ঘাটতি বা ‘ল্যাপস’ ছিল বলে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখতে এবং এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
যা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “বাংলাদেশ ও সৌদি আরব—উভয় দেশই জেনেভা সনদের স্বাক্ষরকারী। যে ঘটনা ঘটেছে, এখানে তথ্য বিনিময়ের ঘাটতি রয়েছে। ঘাটতিটা কিসের জন্য হয়েছে, তা খতিয়ে দেখার জন্য আমরা সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছি। আমরা এ নিয়ে দুই পক্ষ কথা বলছি।”
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার বিষয়ে তিনি আরও বলেন, “এটা অবশ্যই দুঃখজনক। অ্যালিগেশন (অভিযোগ) এনে বা ক্রাইম অফেন্স (অপরাধের অভিযোগ) এনে এক্সিকিউশনটা (রায় কার্যকর) হলো, সেটা আমাদের জন্য হতাশার। পবিত্র মক্কায় যাওয়ার উদ্দেশ্য মানুষের পবিত্র নিয়তেই হয়। যেটা আমরা শুনলাম, এই খবর যদি সত্যি হয়ে থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
রায় কার্যকরের পর কোনো ক্ষতিপূরণের সুযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পরিষ্কার জানিয়ে দেন যে, রায় কার্যকর হয়ে গেলে সেটির আর কোনো সুযোগ থাকে না। এখন শুধু দেখা হচ্ছে প্রক্রিয়ার কোথায় ঘাটতি ছিল। এছাড়া যেকোনো দেশের আটক নাগরিকের বিষয়ে কনস্যুলার অ্যাকসেস বা কনস্যুলার সার্ভিস পাওয়ার নিয়ম থাকলেও এক্ষেত্রে সেই প্রক্রিয়া সঠিকভাবে পালিত হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পটভূমি ও কূটনৈতিক তৎপরতা
উল্লেখ্য, গত বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি গণমাধ্যমে খবর প্রচার করা হয় যে, পবিত্র মক্কার মসজিদ এলাকায় ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই খবর প্রকাশের পরপরই নড়েচড়ে বসে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর অংশ হিসেবে গতকাল ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সুনির্দিষ্ট বিষয়ে ব্যাখ্যা ও তথ্য চেয়েছিল বাংলাদেশ সরকার।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।