ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে উত্তরাঞ্চলের এই জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টা ২০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ মহাসড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির বক্তব্য ও প্রত্যাশা
প্রায় ৮৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত হতে যাওয়া এ পাবলিক বিশ্ববিদ্যালয়টি চালু হলে ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একটি প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।”
তিনি এ সময় সংঘাত ও বিভেদের পরিবর্তে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে উন্নতমান ও যথাযথ গুণগত মান বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীণ সাফল্য ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
দুই দিনের ঠাকুরগাঁও সফর ও সমাপ্তি
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটি ছিল তাঁর প্রথম সরকারি সফর। দুই দিনের এই সফরের প্রথম দিন (রোববার) তিনি বাবা-মায়ের কবর জিয়ারত এবং ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন।
আজ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নিজ বাসভবনে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিশ্রাম শেষে দুপুর ২টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ত্যাগ করেন রাষ্ট্রপতি। তাঁর এই সফর ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগকে জেলার উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।