রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

জিনের বাদশা সেজে ১০ লাখ টাকা আত্মসাৎ ২৩ জনের বিরুদ্ধে পিবিআইয়ের চার্জশিট

১-০৮-২০২৬০০
4
জিনের বাদশা সেজে ১০ লাখ টাকা আত্মসাৎ  ২৩ জনের বিরুদ্ধে পিবিআইয়ের চার্জশিট
"জিনের বাদশা পরিচয়ে প্রতারণার কাজে ব্যবহৃত ভয়েস রেকর্ড, বিজ্ঞাপনের ছবি ও মুঠোফোন আলামত হিসেবে জব্দের পর পিবিআইয়ের চার্জশিট।"

সৌদিপ্রবাসীর পাওনা ৩৫ লাখ টাকা অলৌকিক ক্ষমতায় ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার করে দেওয়ার লোভ দেখিয়ে গৃহবধূর কাছ থেকে ১০ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে 'জিনের বাদশা' পরিচয়ের এক ভয়ংকর প্রতারক চক্র। সোশ্যাল মিডিয়ায় চটকদার বিজ্ঞাপন ও ভয়ভীতি দেখিয়ে ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে চলা এই চক্রের ২৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামি জামিনে থাকলেও বাকি ২০ জন পলাতক রয়েছে।

৭২ ঘণ্টার প্রলোভনে ভুটানি গরুর দুধ, রত্নময়ী আংটি ও আবাবিল পাখি

মামলার এজাহার সূত্রে জানা যায়, তেজকুনিপাড়ার বাসিন্দা রহিমা বেগমের প্রবাসী স্বামী কফিলকে দেওয়া ৩৫ লাখ টাকা উদ্ধার করতে না পেরে ২০২২ সালে ফেসবুকে ‘হাবিবুল্লাহ হুজুরের দরবার শরীফ’ ও ‘তান্ত্রিককম.ঘর’ নামের ভুয়া বিজ্ঞাপনের ফাঁদে পড়েন। চক্রটি জিনের বাদশা সেজে টাকা উদ্ধারের আশ্বাস দেয়। প্রথমে আগরবাতি ও মোমবাতির নাম করে টাকা নিলেও পরে বদ জিনের শনি কাটাতে ‘ভুটানি গরুর ২১ কেজি দুধ’, জিনের ‘রত্নময়ী শ্রী আংটি’, বিশেষ শাড়ি, বিদেশি জাতের শকুন ও আবাবিল পাখি কেনাসহ এতিমদের খাওয়ানোর অজুহাতে ধাপে ধাপে গৃহবধূর কাছ থেকে ১০ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়।

বিকৃত ছবি ও সন্তান হত্যার হুমকিতে আত্মহত্যার চেষ্টা ভুক্তভোগীর

তদন্তে জানা গেছে, ইন্টারনেট থেকে নেওয়া ভীতিপ্রদ ছবি সম্পাদনা করে জিন-পরির ছবি বলে পাঠাত আসামিরা। কণ্ঠ বিকৃত করে রেকর্ড করা অডিও বার্তা দিয়ে ভয় দেখানো হতো। বিষয়টি কাউকে জানালে সন্তান রক্ত বমি করে মারা যাবে বলে কোরআনের ওপর হাত রেখে শপথ করানো হতো। এতগুলো টাকা খুইয়ে এবং হুমকির মুখে মানসিকভাবে অসুস্থ হয়ে একপর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী রহিমা বেগম। পরবর্তীতে ২০২৪ সালের ২২ এপ্রিল তেজগাঁও থানায় মামলা করেন তিনি।

২-৩ কোটি টাকার প্রতারণা ও ভোলা কেন্দ্রিক চক্র

পিবিআই ভোলা, গাজীপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মো. রাকিব, মো. রাকিব মোল্লা ও মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করে। আদালতে দেওয়া জবানবন্দিতে আসামিরা স্বীকার করে, তারা নিয়মিত ফেসবুক ও টিভিতে বিজ্ঞাপন দিয়ে হাজার হাজার মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এ পর্যন্ত ২ থেকে ৩ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তদন্ত কর্মকর্তা পিবিআই এসআই মো. সজিবুল হাসান জানান, অভিযুক্ত ২৩ জনের অধিকাংশেরই বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়। পলাতক ২০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। রোববার আদালত এই অভিযোগপত্র আমলে নেওয়ার শুনানির দিন ধার্য করেছেন।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।