রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

মেঘনায় গৃহবধূ কোহিনুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন স্পটে এমপি সেলিম ভূঁইয়া

২-০৮-২০২৬৪০
4
মেঘনায় গৃহবধূ কোহিনুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন  স্পটে এমপি সেলিম ভূঁইয়া
"কুমিল্লার মেঘনায় কোহিনুর হত্যার বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারী ক্ষুব্ধ এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।"

জুনায়েদ আহমেদ, মেঘনা (কুমিল্লা):

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের চরবিনোদপুর-আলীপুর এবং পার্শ্ববর্তী তিতাস উপজেলার চর বাটেরা গ্রামের চরাঞ্চলের ভিটেমাটি দখল কেন্দ্রিক সংঘাতের জেরে নিহত গৃহবধূ কোহিনুর আক্তার (৪৫) হত্যার বিচার ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। একই সাথে দুই উপজেলার দীর্ঘদিনের সীমানা নির্ধারণের দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (২ আগস্ট) দুপুরে আলীপুর বাজারে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ সড়কজুড়ে ঘণ্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় শত শত নারী-পুরুষ অংশ নেন।

এমপি সেলিম ভূঁইয়ার এলাকা পরিদর্শন ও বিচারের আশ্বাস

মানববন্ধন চলাকালেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে ঘিরে কোহিনুর হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে।

উপস্থিত জনতার উদ্দেশে এমপি সেলিম ভূঁইয়া বলেন, কোহিনুর আক্তার হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে। এ ছাড়া দুই উপজেলার সীমানা নির্ধারণে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়ে তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পরে তিনি সংঘর্ষে তছনছ হওয়া মেঘনার চরবিনোদপুর ও তিতাসের চর বাটেরা গ্রামের অন্তত ৬০-৭০টি ক্ষতিগ্রস্ত বসতঘর সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন।

"টাউটচক্রকে সুযোগ দেওয়া হবে না"

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, “একটি টাউটচক্র এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না। নিহত কোহিনুর কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না, তিনি অত্যন্ত নিরীহ একজন গৃহবধূ। তাঁর ৩ মেয়ে ও ১ ছেলে মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। প্রকৃত আসামিদের আইনের আওতায় আনা হবে।”

পরিদর্শনকালে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঘটনার পিছনের দৃশ্যপট

উল্লেখ্য, গত ২৬ জুলাই বিকেলে মেঘনার চরবিনোদপুর ও তিতাসের চর বাটেরা গ্রামের অধিবাসীদের মধ্যে চরের জায়গা-জমি দখল নিয়ে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে গলায় টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান গৃহবধূ কোহিনুর আক্তার। একই সাথে দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক বসতবাড়িতে মারাত্মক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
অপরাধ বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।