হোমনায় এমপি সেলিম ভূঁইয়ার গণসংবর্ধনা: মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার ঘোষণা

জুনায়েদ আহমেদ, হোমনা (কুমিল্লা):
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে হোমনা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নেতাকর্মীদের ঢল ও সংবর্ধনা অনুষ্ঠান
গণসংবর্ধনাকে কেন্দ্র করে বিকেল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিতে শুরু করেন নেতাকর্মীরা। অল্প সময়ের মধ্যেই হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিশাল মাঠ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন ও ওসমান গনি ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, হোমনা-তিতাসে মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের কোনো স্থান হবে না। অপরাধীদের জন্য এ এলাকার মাটি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে তিনি বলেন, অপরাধীরা থানায় গিয়ে আত্মসমর্পণ করলে তাদের সৎ পথে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, "আমার জনগণ শান্তিতে থাকবে এবং বৈধ উপার্জনের মাধ্যমে জীবনযাপন করবে। জনগণকে অন্যায়ভাবে বিরক্ত করলে কাউকে ছাড় দেওয়া হবে না।" হোমনা ও তিতাস থানাকে একটি শান্তিময় ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে জনপ্রিয় সংগীতশিল্পী মনির খানের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন উপস্থিত দর্শক-শ্রোতারা।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।