সাংবাদিকদের জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে: বাসস প্রধান মুহাম্মদ কাদের গনি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা অর্জনের একমাত্র উপায় হলো জনগণের প্রতি যে দায়, তার প্রতি নিষ্ঠাবান থাকা এবং অসত্য না লেখা। সাংবাদিকরা কেবল জনগণের কাছেই দায়বদ্ধ—এ কথা উল্লেখ করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মুহাম্মদ কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকদের অবশ্যই স্বাধীন, সত্যনিষ্ঠ ও ন্যায়নিষ্ঠ হতে হবে।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মফস্বল সাংবাদিকদের জন্য আয়োজিত ‘সাংবাদিকতা, ভিডিও সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ।
সত্যের আরাধনা ও বিবেকের সঙ্গে আপস না করার আহ্বান
সাংবাদিকতার মূল দায়িত্ব ও নীতি তুলে ধরে কাদের গনি চৌধুরী বলেন, "সাংবাদিকতা হচ্ছে সত্যের আরাধনা করা। যা সত্য, তা-ই তুলে ধরা। কারণ সত্য-মিথ্যার সংমিশ্রণে সাংবাদিকতা হয় না।" তিনি আরও বলেন, সাংবাদিকদের সাদাকে সাদা এবং কালোকে কালো বলা উচিত। সমাজে ঘটা অন্যায় বা অনিয়ম তুলে ধরে ক্ষমতাধর ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনাই সংবাদকর্মীদের কাজ।
সাংবাদিকদের ‘জাতির বিবেক’ উল্লেখ করে বাসস প্রধান বলেন, "বিবেকের সঙ্গে প্রতারণা করা যাবে না। কোনো অবস্থাতেই দলদাসে পরিণত হওয়া যাবে না। জনগণ দাসত্বের সাংবাদিকতাকে মনে প্রাণে ঘৃণা করে। তাই তাদের ‘পেট ডগ’ বা পোষা কুকুরে পরিণত হওয়া যাবে না। থাকতে হবে সমাজের অতন্দ্র প্রহরীর ভূমিকায়।"
ভালো সাংবাদিক হওয়ার জন্য পড়াশোনার ওপর গুরুত্ব
সংবাদপত্রকে ‘পিপলস পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন’ (জনগণের সংসদ, যার অধিবেশন সর্বদা চলমান) উল্লেখ করে তিনি বলেন, "এখানে আমরা সাংবাদিকরা হলাম শিক্ষার্থী, পরীক্ষা দিই। আর আমাদের খাতা দেখেন, আমাদের পরীক্ষা নেন দেশের ১৮ কোটি মানুষ। আমরা কি ভুল লিখেছি, কি সত্য লিখেছি, কি মিথ্যা লিখেছি, লেখাটা বস্তুনিষ্ঠ কি না সেটাও কিন্তু জনগণ প্রতিদিন আমাদের পরীক্ষা করেন।"
ভালো সাংবাদিক হওয়ার জন্য বই ও পত্রিকা পড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি জানান, জানার জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই এবং সংবাদপত্র ও সাংবাদিকতার ওপর লেখা বই সংগ্রহ করে নিয়মিত পাঠ ও অনুশীলন করতে হবে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।