শীর্ষ দৈনিকগুলোর ভুয়া প্রেস কার্ড দেখিয়ে সরকারি দপ্তরে চাঁদাবাজি, নেপথ্যে ‘হাবিব’ চক্র

নিজস্ব প্রতিবেদক:
দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোর নাম ও লোগো নকল করে তৈরি ভুয়া প্রেস আইডি ও ভিজিটিং কার্ড প্রদর্শন করে বিভিন্ন সরকারি দপ্তরে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা গেছে, কথিত ‘হাবিব’ নামের এক ব্যক্তির নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে দৈনিক প্রথম আলো, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিনসহ বিভিন্ন প্রতিষ্ঠিত গণমাধ্যমের নাম ভাঙিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে অবাধে প্রবেশ করছে। সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ তুলে তথাকথিত ‘অনুসন্ধানী প্রতিবেদন’ প্রকাশের ভয় দেখিয়ে অনৈতিক আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা চালাচ্ছে তারা।
সম্প্রতি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে একই কায়দায় অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করার সময় কর্মকর্তাদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কথিত হাবিব নিজেকে ‘খিলক্ষেত প্রেসক্লাব’-এর সদস্য বলে দাবি করেন।
বিষয়টি জানাজানি হলে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি স্বাধীন। তিনি স্পষ্ট ভাষায় জানান, হাবিব নামের ওই ব্যক্তি কিংবা তার সহযোগীদের সঙ্গে খিলক্ষেত প্রেসক্লাবের দূরতম কোনো সম্পর্ক নেই।
এক আনুষ্ঠানিক বক্তব্যে তিনি বলেন,

“হাবিব নামের এই ব্যক্তি বা তার চক্রের কেউ কখনোই খিলক্ষেত প্রেসক্লাবের সদস্য ছিল না এবং এখনো নেই। মূলধারার গণমাধ্যমের নাম ও প্রতীক ব্যবহার করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্ল্যাকমেইল করা মারাত্মক দণ্ডনীয় অপরাধ। সাংবাদিকতাকে ঢাল বানিয়ে যারা এ ধরনের অপকর্ম করছে, তারা সমাজের চরম শত্রু।”
তিনি সরকারি কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্দেহভাজন কেউ সাংবাদিক পরিচয়ে এলে যেন তাদের মূল প্রতিষ্ঠানের আইডি কার্ড ও পরিচয় নিশ্চিতভাবে যাচাই করা হয়। প্রয়োজনে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরণাপন্ন হওয়ার পরামর্শও দেন তিনি।
গণমাধ্যম সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে খুব সহজেই নামীদামি পত্রিকার হুবহু ভুয়া প্রেস কার্ড বানিয়ে এমন প্রতারণা চালানো হচ্ছে। এর ফলে মূলধারার নিষ্ঠাবান পেশাদার সাংবাদিকদের সুনাম ও পেশার মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
সাংবাদিকতার পবিত্রতা রক্ষায় কথিত হাবিবসহ এ প্রতারক চক্রের সব সদস্যকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা ও পেশাদার সাংবাদিক সমাজ।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।