ঢাকায় ৪ সাংবাদিকের স্মরণে খিলক্ষেত প্রেস ক্লাবে আলোচনা ও বিশেষ দোয়া

অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম পথপ্রদর্শক সাঈদুর রহমান রিমন, বনানী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয় এবং সড়ক দুর্ঘটনায় নিহত উত্তরা প্রেস ক্লাবের দুই সংবাদকর্মী রবিউল আলম (রাজু) ও সাকিবুল হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মারক আলোচনা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বাদ-মাগরিব খিলক্ষেত প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনটির নিজস্ব উদ্যোগে এই শোক কর্মসূচি আয়োজিত হয়।
চার হাজারেরও বেশি 'লিড নিউজের' জনক রিমন
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত এক ঘণ্টাব্যাপী স্মৃতিচারণ সভায় মরহুমদের কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন উপস্থিত গণমাধ্যম নেতারা। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বক্তারা সাঈদুর রহমান রিমনের অসামান্য মেধা ও সাহসিকতার কথা স্মরণ করে বলেন, দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোতে চার হাজারের বেশি 'লিড' ও 'ব্যাক লিড' সংবাদ প্রকাশের অনন্য নজির গড়েছিলেন তিনি। রাজনীতি, অপরাধ, অর্থনীতি, শেয়ারবাজার ও কূটনীতিসহ প্রতিটি বিটেই তাঁর বস্তুনিষ্ঠ ও সত্যসন্ধানী সংবাদ প্রকাশ তাঁকে পেশাজীবীদের মাঝে ঈর্ষণীয় মর্যাদায় বসিয়েছে।
তরুণদের অনুপ্রেরণা ও অপূরণীয় ক্ষতি
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে খিলক্ষেত প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন প্রয়াত রিমনের অদম্য সাহস এবং তরুণ সংবাদকর্মীদের গাইড করার মানবিক গুণের স্মৃতিচারণ করেন। সেই সাথে বনানী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাউসার আহমেদ বিজয়ের অকাল প্রয়াণ এবং উত্তরা প্রেস ক্লাবের দুই উদীয়মান সংবাদকর্মীর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এই ক্ষতিকে গণমাধ্যমের জন্য অপূরণীয় হিসেবে আখ্যা দেন।
গণমাধ্যম নেতাদের উপস্থিতি ও মোনাজাত
স্মৃতিচারণ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন খিলক্ষেত প্রেস ক্লাবের সহ-সভাপতি ফারহাদ, প্রতিষ্ঠাতা উপদেষ্টা ওমর ফারুক মিল্লাত, দৈনিক জাতীয় কণ্ঠস্বরের সম্পাদক সাদ্দাম হোসেন, সংবাদ দিগন্তের সিনিয়র রিপোর্টার সুমন খান, সবুজ বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মো: শাহ আলম, বনানী থানা মানবাধিকারের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার রেজা রকি, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মিয়া, সুজন ভূঁইয়া, জাহিদ মিয়া সহ অনেকে।
আলোচনা সভা শেষে মরহুম চার সাংবাদিকের আত্মার মাগফিরাত, জান্নাতুল ফেরদাউস নসিব এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।