এইচএসসি পরীক্ষার্থী মিনহাজুলের মৃত্যুর নেপথ্যে ডায়াবেটিস ও চিকিৎসায় অবহেলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি পরীক্ষার বাড়তি চাপ, রোগ শনাক্তে বিলম্ব এবং চিকিৎসকদের ভুল ধারণার কারণে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন মেধাবী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম রোজান (১৮)। মৃত্যুর আগে হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে কাটলেও তাঁর রক্তে শর্করার মাত্রা ও ডায়াবেটিসের বিষয়টি অনেক দেরিতে জানতে পেরেছিল পরিবার।
মিনহাজুল ঢাকা ক্যান্টনমেন্টের বাংলাদেশ ইন্টারন্যাশনাল School অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের শিক্ষার্থী ছিলেন এবং তাঁর বাবা সাজ্জাদুল মিরাজ যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
যেভাবে শুরু হয়েছিল জটিলতা
পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় অতিরিক্ত পড়াশোনা ও ভালো ফলাফলের মানসিক চাপে মিনহাজুল অসুস্থ হয়ে পড়েন। গত ৬ আগস্ট শরীর দুর্বল লাগার কথা জানালে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা বিষয়টিকে পরীক্ষার ভীতি, ‘প্যানিক অ্যাটাক’ বা মানসিক সমস্যা হিসেবে অভিহিত করে ঘুমের ওষুধ ও সাধারণ চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। কোথাও ডায়াবেটিস বা অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা করানো হয়নি।
অবস্থার অবনতি হলে ১৩ আগস্ট তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেদিন পরীক্ষার পর রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে ৩৮ মিলেমোল/লিটারে পৌঁছালে মা-বাবা প্রথম জানতে পারেন যে তাঁর আগে থেকেই ডায়াবেটিস ছিল।
চিকিৎসকদের অবহেলা ও মর্মান্তিক পরিণতি
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়ার পাশাপাশি মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচার করা হলেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। বিদেশ নেওয়ার সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেও গত ২৩ আগস্ট সকালে চিকিৎসকরা চূড়ান্তভাবে আশঙ্কাজনক অবস্থার কথা জানান এবং ওই দিনই আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখতেন। সন্তানের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার এখন সঠিক রোগ নির্ণয়ে বিলম্ব ও চিকিৎসকদের অবহেলাকেই দায়ী করছেন।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।