গলাচিপায় গরু চুরির ঘটনা: সিসিটিভি ফুটেজে ট্রাক শনাক্ত, থানায় এজাহার

পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপায় কৃষকের গোয়ালঘর থেকে দুটি গাভী চুরির ঘটনা ঘটেছে। চুরি করা গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজে একটি ট্রাকের সন্ধান মিলেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে গলাচিপা থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
যেভাবে ঘটেছিল চুরির ঘটনা
এজাহারের বিবরণ অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর রাতে উপজেলার গজালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. মাসুম বিল্লাহ তাঁর পাঁচটি গরু গোয়ালঘরে বেঁধে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ শব্দ শুনে ঘুম ভাঙলে তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন দুটি গাভী নেই। পরবর্তীতে চারপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরু দুটির কোনো সন্ধান মেলেনি। ভুক্তভোগী কৃষকের দাবি, চুরি যাওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২০ হাজার টাকা। এর মধ্যে একটি লাল রঙের চার মাসের গাভিন গরুর দাম প্রায় ১ লাখ টাকা এবং কালো রঙের অপর গাভীটির দাম প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
সিসিটিভি ফুটেজে ট্রাক শনাক্ত
ঘটনার পর স্থানীয় কালারাজা বাজারের একটি হার্ডওয়্যার দোকানের সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করা হয়। এতে ‘মেট্রো-ন-২২-১৯৮১’ নম্বরের একটি ট্রাকে করে চুরি করা গরুগুলো নিয়ে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। ভুক্তভোগীদের দাবি, ওই ট্রাক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হোক।
এ ঘটনায় মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে গলাচিপা থানায় মো. স্বপন শরীফ (৪০), মো. সবুজ গাজী (৩০), মো. ইমরান হাওলাদার (৩২), মো. মাসুম খান (৩৫), মো. বশির হাওলাদার (৫৫) ও মো. দুলাল হাওলাদার (৩৫)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে লিখিত এজাহার দিয়েছেন। রাতের আঁধারে এমন চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। অবিলম্বে চুরি যাওয়া গরু উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।