আশুলিয়ায় বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি

ঢাকার সাভারের আশুলিয়ায় বিএনপির স্থানীয় এক নেতাকে কাফনের কাপড়, গুলি, দাফনের সামগ্রী ও বেনামী চিঠি পাঠ্যে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। হুমকিপ্রাপ্ত নেতার নাম মো. ইসমাইল হোসেন মোল্লা। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদপ্রার্থী।
শনিবার (৮ আগস্ট ২০২৬) ভোর পাঁচটার দিকে ইয়ারপুর এলাকায় তাঁর নিজ বাসভবনের মূল ফটকের সামনে ঝুলন্ত অবস্থায় কাফনের কাপড় ও অন্যান্য দাফন সামগ্রীসংবলিত একটি বাজারের ব্যাগ উদ্ধার করা হয়।
ব্যাগে কাফনের কাপড় ও 'শেষবিদায়ের' চিঠি
পরিবারের সদস্যরা জানান, ভোরে বাসার ফটকের সামনে একটি বাজার করার ব্যাগ পড়ে থাকতে দেখেন ইসমাইল হোসেন মোল্লা। ব্যাগটি খোলার পর ভেতরে এক গজ কাফনের কাপড়, একটি ব্যবহৃত তাজা গুলি, আতর, গোলাপজল, সাবান এবং 'অদৃশ্য মুসাফির' স্বাক্ষরিত একটি হাতে লেখা চিঠি পাওয়া যায়।
চিঠিতে হুমকি দিয়ে লেখা হয়, “প্রিয় ইসমাইল মোল্লা চাচা, ক্ষণিকের দুনিয়াতে এত বড়াই কিসের? আপনি বা আপনার পরিবারের লোকজন যেভাবে উড়তেছেন, এটা তো ভালো হচ্ছে না। জামাই জন সাথে নিয়া বেশি উইড়েন না, তাহলে কে কখন সালাম দিবে, নিজেও বুঝতে পারবেন না। ...আজকের পরও যদি উড়তে থাকেন, তাহলে আপনার নামে আমাদের তরফ থেকে অদৃশ্য কেউ পৌঁছে যাবে সালাম দিবে। পরকালের ঠিকানাতে চলে যাবেন। ইতি—অদৃশ্য মুসাফির।”
ভয় পান না বিএনপি নেতা, আইনি প্রক্রিয়ার প্রস্তুতি
ঘটনার আকস্মিকতায় বিস্ময় প্রকাশ করলেও বিচলিত নন বলে জানিয়েছেন বিএনপি নেতা ইসমাইল হোসেন মোল্লা। তিনি বলেন, “এত দিন ভেবেছিলাম আমার কোনো শত্রু নেই। এখন দেখছি পেছনে কেউ লেগেছে। তবে এ ধরনের হুমকির ভয় আমি পাই না। কে বা কারা এ কাজ করেছে তা বুঝতে পারছি না, তবে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব।”
আলামত জব্দ ও পুলিশের তদন্ত শুরু
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হুমকি সংবলিত ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, "সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আলামত হিসেবে বাজারের ব্যাগটি জব্দ করেছি। ব্যাগের ভেতর থেকে কাফনের কাপড়, একটি গুলি, আতর, গোলাপজল, সাবান এবং চিঠিটি উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের সনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।"
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।