বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা: ফেসবুক লাইভে স্বামীর আকুতি চট্টগ্রাম

১৭-০৯-২০২৬
4
রাঙ্গুনিয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা: ফেসবুক লাইভে স্বামীর আকুতি  চট্টগ্রাম
"রাঙ্গুনিয়ায় প্রবাসীর বাড়িতে হামলার ঘটনার পর ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়া প্রবাসী আবু বক্কর।"

কামরুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মধ্যরাতে এক প্রবাসীর বাড়িতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা প্রবাসীর স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলা কাটার চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। জীবন বাঁচাতে ওই গৃহবধূ তাৎক্ষণিকভাবে ওমান প্রবাসী স্বামীকে ফোন দিলে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে পরিবারের নিরাপত্তা ও সহযোগিতা কামনা করেন।

গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বুলাইন্নার বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

প্রবাসীর স্ত্রীর ওপর বর্বরোচিত হামলা

পরিবারের সদস্যরা জানান, মুখোশধারীদের হামলায় প্রবাসীর স্ত্রী সাদিয়া আকতার গুরুতর আহত হয়েছেন। তাঁর গলায় ধারালো অস্ত্রের জখম রয়েছে। হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গলা কাটার চেষ্টা করেছিল বলে অভিযোগ করা হয়।

ঘটনার সময় ওমান প্রবাসী আবু বক্কর ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে বলেন, "মাত্র দুই মাস আগে আমার বাবাকে দিনেদুপুরে সরফভাটা ক্ষেত্রবাজারে সালিশ বৈঠকে ডেকে অতর্কিত হামলা করে হত্যা করা হয়। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এরপর থেকে আমাদের পরিবারকে মামলা না করতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।" তিনি রাঙ্গুনিয়ার সর্বস্তরের মানুষের কাছে তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এমপির নির্দেশ ও পুলিশের পদক্ষেপ

এদিকে ওমান প্রবাসী আবু বক্করের ফেসবুক লাইভের ভিডিও বার্তাটি চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে প্রবাসী বক্করের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানাকে কঠোর নজরদারিতে রাখার নির্দেশ দেন।

এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, ঘটনার খবর শোনার সঙ্গে সঙ্গেই টহল পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। তবে ঘটনাস্থলে কোনো অপরাধীকে পাওয়া যায়নি। হামলার সুনির্দিষ্ট কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রতিবেদক
ক্রাইম রিপোর্টার
অপরাধ বিভাগ · অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।