সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
সাব-রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে বদলি-বাণিজ্য, ঘুষ লেনদেন, প্রভাব খাটিয়ে পদায়ন এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে শত কোটি টাকা থেকে শুরু করে প্রায় এক হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ গড়ে তোলার তথ্য প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের মধ্যে রাজধানীর আফতাবনগরে একটি ভবনেই ২৯টি ফ্ল্যাটের মালিকানা, গুলশানের অভিজাত এলাকায় ডুপ্লেক্স ফ্ল্যাট, জমি এবং নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে বিশাল কৃষিজমি ও খামারের তথ্য সামনে এসেছে।
আফতাবনগরে ২৯ ফ্ল্যাট ও গুলশানে বিলাসবহুল আবাসন
সূত্রে জানা গেছে, রাজধানীর আফতাব নগরের একটি ভবনে মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর ২৯টি ফ্ল্যাট রয়েছে, যার প্রতিটির আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এছাড়া গুলশান-১-এর ৭ নম্বর রোডের কোহিনুর টাওয়ারে দুটি ফ্লোরজুড়ে তাঁর ডুপ্লেক্স বাসস্থান এবং একই এলাকার গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে ১২ কোটি টাকার বেশি মূল্যের আড়াই হাজার বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। গুলশান ও নিকেতন এলাকার বিভিন্ন রোডে একাধিক ফ্ল্যাট এবং তাঁর শ্যালকের নামেও সম্পত্তির হদিশ মিলেছে। পাশাপাশি তাঁর স্ত্রী জান্নাত নীলার নামে বসুন্ধরা, ধানমন্ডি ও গুলশানে ফ্ল্যাট ও প্লট রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বদলি-বাণিজ্য ও তেজগাঁওয়ে চাঁদাবাজির সিন্ডিকেট
নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রারদের বদলি ও পদায়নকে কেন্দ্র করে বড় অঙ্কের অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত ২৮২ জনের বদলিতে জনপ্রতি ৫০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়েছিল এবং পছন্দের কর্মস্থলে থাকতে মাসিক ২০ লাখ টাকা চাঁদা আদায় করা হতো। এছাড়া তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে ২০-৩০ জনের একটি দল তৈরি করে প্রতিদিন ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
খিলগাঁও সাব-রেজিস্ট্রি অফিসে দায়িত্ব পালনকালে একটি বড় আবাসন প্রতিষ্ঠানের জমি নিবন্ধনে রাজস্ব ফাঁকি ও দুই কোটি টাকা ঘুষ লেনদেনেরও গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর মধ্যরাতে পত্রিকা কার্যালয়ে গিয়ে সংবাদ প্রত্যাহারের চাপ দেওয়ার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগও রয়েছে।
দুদকে লিখিত অভিযোগ
মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহর বিরুদ্ধে বদলি-বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী রাফসান আল আলভী। তাঁর আয়বহির্ভূত সম্পদ, ব্যাংক হিসাব ও পরিবারের নামে থাকা সম্পত্তির প্রকৃত মালিকানা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের জোর দাবি উঠেছে। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।