দীর্ঘ ১৯ বছর পর পিপিপিতে চালু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল মিলস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দীর্ঘ প্রায় ১৯ বছর ধরে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক ‘কোকিল টেক্সটাইল মিলস’কে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে পুনরায় চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ‘ডেভেলপমেন্ট অব কোকিল টেক্সটাইল মিলস লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়া’ শীর্ষক প্রকল্পটি পিপিপি ভিত্তিতে বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন পায়।
কোকিল টেক্সটাইল মিলসের পটভূমি ও নতুন পরিকল্পনা
বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) সূত্রে জানা যায়, কোকিল টেক্সটাইলের মোট জমির পরিমাণ ১০ দশমিক ৫৮ একর। নতুন প্রস্তাব অনুযায়ী, নির্বাচিত বেসরকারি অংশীদার নিজস্ব অর্থায়নে কারখানা নির্মাণ, আধুনিকায়ন, রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করবেন। এর বিনিময়ে সরকার জমির ইজারার অর্থ পাবে। তবে জমির পূর্ণ মালিকানা সরকারের হাতেই থাকবে এবং বেসরকারি অংশীদার কোনোভাবেই এই জমি বন্ধক রাখতে পারবেন না। এই প্রকল্পে মূলত বস্ত্র, তৈরি পোশাক ও পাট-সংশ্লিষ্ট নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
ইতিহাস সূত্রে জানা যায়, ১৯৬১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্যানোরামা কোম্পানি লিমিটেড’ নামে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬৬ সাল থেকে সুতা উৎপাদন শুরু করে। স্বাধীনতার পর ১৯৭২ সালে এটিকে জাতীয়করণ করে নাম দেওয়া হয় ‘কোকিল টেক্সটাইল মিলস’। পরবর্তীতে ২০০৭ সালে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন শুরু হলেও শ্রমিকদের বিভিন্ন দাবি ও অসন্তোষের জেরে ওই বছরের ১৬ অক্টোবর কারখানাটি বন্ধ হয়ে যায়। সে সময় সেখানে ২১০ জন শ্রমিক কর্মরত ছিলেন।
৭০ হাজার টন সার আমদানির অনুমোদন
এদিকে আজকের বৈঠকে শুধু টেক্সটাইল মিল নয়, কৃষি খাতের চাহিদা মেটাতে সার আমদানির বড় সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) এবং সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে মোট ৭০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৬৪ কোটি ৫৫ লাখ টাকা।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।