সোমবার, ২৪ আগস্ট ২০২৬
১০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

মেঘনায় সম্পত্তির বিরোধে প্রতিবন্ধীর বাড়িতে হামলা-লুটপাট, পুলিশে লিখিত অভিযোগ।

২৪-০৮-২০২৬
4
মেঘনায় সম্পত্তির বিরোধে প্রতিবন্ধীর বাড়িতে হামলা-লুটপাট, পুলিশে লিখিত অভিযোগ।
কুমিল্লার মেঘনায় সম্পত্তির জেরে সহিংসতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে আদালতের রায় পক্ষে থাকা সত্ত্বেও শেষ রক্ষা হলো না এক অসহায় প্রতিবন্ধী পরিবারের। কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মৈশারচর গ্রামে প্রকাশ্য দিবালোকে একটি ঘরে ঢুকে হামলা, লুটপাট ও বেপরোয়া ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালের এই ঘটনায় বাধা দেওয়ায় নারীদের বেধড়ক পেঠানো হয় এবং একপর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। রক্তাত তিনজনকে স্থানীয়দের সহায়তায় দ্রুত মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাড়ি থেকে বের করে তাণ্ডব ও লুটপাট

​প্রত্যক্ষদর্শী ও থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১১টার দিকে এই সহিংসতার সূত্রপাত হয়। অভিযোগ উঠেছে যে, স্থানীয় জাহাঙ্গীর (৩৮), আক্তার হোসেন (৫০), হারুন অর রশীদ (৫৫) ও সোহরাব হোসেনসহ (৬০) অজ্ঞাতনামা আরও ৪-৫ জন একজোট হয়ে প্রতিবন্ধী আলমগীরের বসতঘরে অনাধিকার প্রবেশ করে। তারা ঘরে থাকা নারী বিলকিছ ও ফুলমালাকে টানা-হেঁচড়া করে বের করে দিয়ে গেটে তালা লাগিয়ে দেয়। বাধা দিতে গেলে জাহাঙ্গীর শাবল দিয়ে আঘাত হানলে ফুলমালার নাক কেটে গুরুতর জখম হয়।

নারীর গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা

​তাণ্ডবের হাত থেকে স্বজনদের বাঁচাতে জরিনা নামের এক নারী এগিয়ে এলে তাঁর ওপরও চড়াও হয় অভিযুক্তরা। অভিযোগে বলা হয়, জাহাঙ্গীর ও আক্তার মিলে গামছা দিয়ে জরিনার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সুযোগে তাঁর গলায় থাকা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। শুধু তা-ই নয়, পুরো বাড়ির বেড়া এবং উঠানের ফল গাছ কেটে আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় শনিবার বিকেলে ভুক্তভোগী আলমগীরের চাচাতো ভাই শাহজালাল মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

আদালতের রায় আমান্যে উচ্ছেদের পায়তারা

​ভুক্তভোগীর ভাই শাহজালাল জানান, পৈতৃক সূত্রে পাওয়া জমিতে দীর্ঘদিন ধরে তার ভাই বসতঘর তুলে শান্তিতে বসবাস করে আসছেন। প্রতিপক্ষদের সঙ্গে এই জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থাকলেও পরবর্তীতে আদালতের রায় আলমগীরের পক্ষেই আসে। তবে আইনি প্রক্রিয়ায় হেরে গিয়ে অভিযুক্তরা জোরপূর্বক সম্পত্তি দখলের নেশায় মত্ত হয়ে ওঠে। বর্তমানে আলমগীর ও তার পরিবারকে এলাকা ছাড়া করতে এবং প্রাণনাশের পাঁয়তারা চালানো হচ্ছে বলে ভুক্তভোগী পক্ষ থেকে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

যোগাযোগে ব্যর্থতা ও পুলিশি পদক্ষেপ

​অভিযোগে নাম থাকা ব্যক্তিদের বক্তব্য জানতে তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা পাওয়া যায়নি, ফলে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে বিষয়টি নিশ্চিত করে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশি টিম পাঠানো হয়েছে। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সত্যতা মিললেই দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য ()

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।