রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
অপরাধ উন্মোচন
অপরাধ

ইতালিতে মানবপাচারের সময় নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু: সিআইডির হাতে গ্রেফতার ২

১৮-০৯-২০২৬৫০
4
ইতালিতে মানবপাচারের সময় নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যু: সিআইডির হাতে গ্রেফতার ২
"সিআইডির লোগো এবং ভূমধ্যসাগরে মানবপাচার ও নৌকাডুবি রোধে সচেতনতামূলক প্রতীকী চিত্র।"

নিজস্ব প্রতিবেদক:

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে ৮ জন বাংলাদেশির মৃত্যুর ঘটনায় জড়িত মানবপাচার চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকা থেকে সিআইডির মানবপাচার ইউনিট (টিএইচবি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— ১. মো. রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪), গ্রাম: পূর্ব সরমঙ্গল, থানা: রাজৈর, জেলা: মাদারীপুর। (তাঁর বিরুদ্ধে রাজৈর থানায় মানবপাচার ও হত্যাসংক্রান্ত মামলা রয়েছে)। ২. মো. আমির হোসেন স্বপন (৩৮), গ্রাম: কানোরিয়া, থানা: মুকসুদপুর, জেলা: গোপালগঞ্জ।

ঘটনার বিবরণ

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে স্থানীয় একটি চক্র বিভিন্ন সময়ে বাংলাদেশি নাগরিকদের লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করে। এ সময় তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৮ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেন। পরবর্তীতে সরকারের ব্যবস্থাপনায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই মর্মান্তিক ঘটনায় বেঁচে ফেরা একমাত্র ভিকটিমের বিজ্ঞ আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযুক্তদের নাম উঠে আসে।

সিআইডির তদন্তে জানা যায়, সংঘবদ্ধ এই মানবপাচার চক্রটি ভিকটিমদের বৈধভাবে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে তাদের লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে সমুদ্রপথে পাঠানোর চেষ্টা করা হলে তিউনিসিয়া উপকূলে ট্রলারটি ডুবে যায়। গ্রেফতারকৃতরা নিহত ভিকটিম রাসেল শেখ (১৯)-এর পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং পাচারকারীদের কাছে তা পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, এই মামলাে এর আগে গুরুদাস বারই (৪৫) এবং মো. মোতলেব মাতব্বর (৬৮) নামের আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। মামলার মূল চক্রের অন্যান্য দেশি-বিদেশি সহযোগীদের গ্রেফতারে সিআইডির অভিযান অব্যাহত রয়েছে।

সিআইডির সতর্কবার্তা

বিদেশি কর্মসংস্থান, অভিবাসন বা ভ্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে যাচাই-বাছাই ছাড়া অর্থ বা পাসপোর্ট হস্তান্তর না করার জন্য দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সিআইডি। এছাড়া ভিসা পাওয়ার নামে অস্বাভাবিক অর্থ দাবি, পাসপোর্ট জিম্মি করা বা মানবপাচারের সন্দেহ হলে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সিআইডিকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

— অপরাধ উন্মোচন প্রতিবেদন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট ০ প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।

প্রকাশক
নিজস্ব প্রতিবেদক
অপরাধ উন্মোচন
নিউজলেটার

দিনের সেরা সংবাদ ইমেইলে পান

যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)

মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।