আদমদীঘিতে সোনার মূর্তি বলে পিতলের গণেশ বিক্রির চেষ্টা, আটক ৪ বগুড়া

মোঃ এরশাদ আলী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে খাঁটি সোনার মূর্তি বলে পিতলের তৈরি একটি গণেশমূর্তি উচ্চমূল্যে বিক্রির চেষ্টার সময় প্রতারক চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণের প্রলেপ সদৃশ আবরণযুক্ত একটি পিতলের গণেশমূর্তি উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
যেভাবে ধরা পড়ে চক্রটি
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, আদমদীঘি থানার এসআই এ.বি.এম আরাফাত রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাতে টহল ডিউটিতে থাকার সময় গোপন সূত্রে জানতে পারেন, ছোট আখিড়া গ্রামের একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি পিতলের তৈরি একটি গণেশমূর্তি স্বর্ণের মূর্তি বলে প্রতারণামূলকভাবে বিক্রির চেষ্টা করছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মো. হোসেনের হাতে থাকা একটি পুরোনো শপিং ব্যাগের ভেতর লাল-সবুজ ডোরাকাটা গামছায় মোড়ানো অবস্থায় মূর্তিটি পাওয়া যায়।
উদ্ধারকৃত মূর্তির বিবরণ ও আটক ব্যক্তিরা
পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার হওয়া মূর্তিটি পিতলের তৈরি এবং এর ওপর স্বর্ণের প্রলেপ সদৃশ আবরণ রয়েছে। মূর্তিটির উচ্চতা ১৬.৫ সেন্টিমিটার এবং ওজন ১ হাজার ৬৮৪ গ্রাম। এছাড়া মূর্তিটির নিচের একটি ভাঙা অংশের পেছনে ইংরেজিতে ‘18/18’ লেখা রয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—মো. হোসেন (৪৫), মো. শহিদুল ইসলাম (৪৮), মোছা. খুশি আক্তার (৩২) এবং মোছা. মালা বিবি ওরফে টপি (৩৮)। তাদের সবার বাড়ি বগুড়ার দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পিতলের মূর্তিকে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৫১১ ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
— অপরাধ উন্মোচন প্রতিবেদন
আপনার প্রতিক্রিয়া কী?
মোট ০ প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া জানাতে সাইন ইন করুন।
দিনের সেরা সংবাদ ইমেইলে পান
যেকোনো সময় ১-ক্লিকে আনসাবস্ক্রাইব করতে পারবেন।

মন্তব্য (০)
মন্তব্য করতে সাইন ইন প্রয়োজন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।