
ঢাকার আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদসহ দুই জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে কুরগাঁও এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ ইসরাফিল হাওলাদার (৪৫), পিতা-মৃত জব্বার হাওলাদার ও মোঃ ফরহাদ হোসেন (৩২), পিতা-মৃত মোঃ আলী হোসেন। তারা উভয়েই আশুলিয়ার কুরগাঁও পুরাতন পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস দল কুরগাঁও এলাকায় ইসরাফিল হাওলাদারের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ির ভেতর থেকে ৪০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, "থানা এলাকা মাদকমুক্ত করা, সন্ত্রাস দমনসহ সব ধরনের অপরাধ নির্মূলে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"