মোঃ শামীম শিবলী, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা চত্বরে বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতনের ঘটনার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে সমাজে সহিংসতা ও অপরাধ বন্ধের আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুদের ওপর সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এ ধরনের অপরাধ কমবে না।
বক্তারা আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রতিবাদী স্লোগান দেন এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর উদ্দেশ্যে বক্তারা বলেন, রামিসাকে ধর্ষণ ও হত্যাকারীর দ্রুততম সময়ের মধ্যে যেন ফাঁসি হয় এবং প্রশাসন যেন আরও সতর্কভাবে দায়িত্ব পালন করে। এসব অপরাধের পেছনে মাদককে দায়ী করেন তারা। মাদকের বিরুদ্ধে সরকার যেন আরও কঠোর পদক্ষেপ নেয়, সেই দাবিও জানান তারা।
উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতী আন্দোলনের প্রধান সমন্বয়কারী মো. শামীম শিবলী, জীবন মাহমুদ, ইমতিয়াজ আহমেদ ইভু, সবুজ মিয়া, মাওলানা সারওয়ার হোসেন, মাওলানা আবু বকর আইয়ূবী, মনিরুল হাসান আব্দুল্লাহ, ইয়াছিন প্রধান, অপূর্ব, হানিফ মিয়া, ওমর ফারুক, ফয়সাল আহমেদ, মাওলানা সানাউল্লাহ ও অগ্নিকন্যা ময়না আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।